রাজবাড়ীর কালুখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এস এম রেজাউল করিম।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পিডিবিএফের ‘কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’-এর অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সুজাত শেখ এবং সেলফ অফিসার অসীম বল্লভ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশ নেন। এতে নেতৃত্বের গুণাবলি, সমিতি পরিচালনার পদ্ধতি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং দারিদ্র্য বিমোচনে নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সামাজিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নেতৃত্ব দেবেন এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমিতি পরিচালনায় সক্ষমতা তৈরি এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তাঁদের আরও সচেতন ও দক্ষ করে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
