সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী সভাপতিত্ব করেন।
বৈঠকে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়টি উত্থাপন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কমিটি সুপারিশ করেছে, তথ্য পাওয়ার পরপরই ঘটনার পূর্ণ বিবরণ সংসদীয় কমিটিকে জানাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে হবে। দায়িত্ব পালনে কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়েও কমিটিকে অবহিত করতে হবে।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর কার্যক্রম, জনবল ও প্রবাসীদের সেবার মান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা, হজ কার্যক্রম, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স এবং সৌদি শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয় কমিটির সামনে একটি উপস্থাপনা দেয়।
সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান বাড়াতে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির সামনে উপস্থাপনেরও সুপারিশ করা হয়। এ ছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
