শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটির নাম ও মুঠোফোন নম্বরসহ তালিকা দ্রুত পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৮৪টি পূজামণ্ডপের জন্য দুটি করে ধুতি ও শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ জিন্নাহ কবির।
তার মেয়ে তাসফিয়া কবির উদীতার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংসদ সদস্যের সহধর্মিণী স্বাগত বক্তব্য দেন। এরপর সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এসব উপহার গ্রহণ করেন।
এস এ জিন্নাহ কবির বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে। এরপরও কোথাও কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা বিএনপির নেতাকর্মীদের জানাতে হবে। প্রয়োজনে তাকে মুঠোফোনেও জানানো যাবে। সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, তার নির্বাচনি এলাকার ঘিওর উপজেলার ৮৪টি, দৌলতপুর উপজেলার ৪৩টি এবং শিবালয় উপজেলার ৯৪টি পূজামণ্ডপে পর্যায়ক্রমে ঘুরে তিনি নিজ হাতে দুর্গোৎসবের উপহারসামগ্রী বিতরণ করছেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা যুবদলের অন্যতম নেতা মো. আমির হামজা পিন্টু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহসভাপতি আবু কাওছার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, যুবদল সদস্য মীর্জা ছালেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
