কিশোরগঞ্জ জেলার সকল পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
চলতি বছর জেলার প্রায় ৪১৫টি পূজামণ্ডপে অত্যন্ত নিখুঁত ও নিরাপত্তার সাথে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। উৎসব চলাকালে জেলার কোথাও কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি স্তরের সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল বলে উল্লেখ করা হয়।
শারদীয় দুর্গোৎসব সর্বাত্মক সফল ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় কর্তব্যরত সকল পুলিশ সদস্য, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং কিশোরগঞ্জের সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের এই সম্মিলিত প্রচেষ্টা ও সুদৃঢ় সহযোগিতার মাধ্যমে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের চমৎকার পরিবেশ ভবিষ্যতেও অটুট থাকবে।
এদিকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি পূজামণ্ডপে জেলা পুলিশ শক্ত নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা পালন করায় সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সাধারণ মানুষও পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেএইচআর
