কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করা, তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং ধারণ করা ভিডিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী সাংবাদিক সৌরভ চ্যানেল এস-এর লাকসাম উপজেলা প্রতিনিধি। তাঁর অভিযোগ, মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন্নাহার লাইলী তাঁর হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন। এ সময় মোবাইলে ধারণ করা ভিডিও মুছে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের পরিবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে কী কারণে ওই সাংবাদিকের মোবাইল ফোন নেওয়া হয়েছিল এবং ধারণ করা ভিডিও মুছে দেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। সাংবাদিকের অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।
