সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটি জানালার ধাতব গ্রিল ধরে ঝুলে আছে।
চীনের ফুজিয়ান প্রদেশে একটি আবাসিক ভবনের ১২ তলার জানালার বাইরে ঝুলে থাকা তিন বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছেন প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা। শিশুটির মাথা জানালার গ্রিলের ফাঁকে আটকে ছিল। এ সময় তার শরীরের ভার ধরে রাখতে নিচের তলার বাসিন্দারা একটি টুল এগিয়ে ধরেন।
স্থানীয় সময় ১৭ অক্টোবর সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে ঝাংপিং শহরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটি জানালার ধাতব গ্রিল ধরে ঝুলে আছে। তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ছিল। তার বাবা কাজে ছিলেন। আর মা শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে বাজার করতে বাইরে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, জানালার গ্রিল পেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করার সময় তার মাথা গ্রিলের ফাঁকে আটকে যায়।
শিশুটিকে ঝুলতে দেখে এক বাসিন্দা আবাসিক ভবনের বাসিন্দাদের গ্রুপে ছবি দিয়ে সাহায্য চান। পরে নিরাপত্তাকর্মী ও ভবন ব্যবস্থাপনার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির ঠিক নিচের তলার একটি ফ্ল্যাটে যান। সেখান থেকে দুজন ব্যক্তি আলাদা দুটি জানালা দিয়ে বাইরে ঝুঁকে একটি টুলের সাহায্যে শিশুটির শরীরের ভার ধরে রাখেন।
পরে দমকলকর্মীরা এসে শিশুটির ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা জানালার গ্রিল থেকে শিশুটিকে মুক্ত করে নিরাপদে উদ্ধার করেন।
পরে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার কোনো আঘাত লাগেনি। সূত্র: এনডিটিভি
