Published on
:
1 min read
সারা বছর কাটে হোমের চার দেওয়ালে। সেই সমস্ত মানুষদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। সোমবার পুজো উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেখানেই জেলার সরকারি ও বেসরকারি হোমে থাকা বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ সক্ষমদের জন্য পুজোর উপহার তুলে দিলেন স্থানীয় পুলিশ আধিকারীকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী হরেকৃষ্ণ বেরা, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ আরও অনেকে। এ দিন অনুষ্ঠান মঞ্চ থেকে সূচনা করা হয় রাজ্যের দুর্গাবাহিনী ও প্রহরী পরিষেবা। এছাড়াও জেলার পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন হোম থেকে আসা বৃদ্ধারা বলেন, ‘খুবই আনন্দ পেয়েছি। আগে কোনওদিন এমন উপহার পাইনি। পুলিশের তরফে পুজোর আগে এই উপহার পেয়ে আমরা ভীষণ খুশি।’
পুলিশ সুপার অংশুমান সাহা জানান, যে সমস্ত এলাকায় বড় গাড়ি ঢুকতে সমস্যা রয়েছে, সেখানে বাইক ও সাইকেল নিয়ে প্রহরীরা নজরদারি চালাবেন। পাশাপাশি পর্যটকদের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সেখানে পর্যটকেরা সমস্ত জরুরি তথ্যের আপডেট পাবেন।
জেলা শাসক নিরঞ্জন কুমার জানান, জেলায় প্রায় দু’হাজার পুজো হচ্ছে। জেলাবাসীকে পুজোয় আরও আনন্দ দিতে ১৪ ও ১৫ অক্টোবর দুদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলাবাসীর নিরাপত্তায় একাধিক প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ করা হবে।
