এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে নিসচা বগুড়া জেলা কমিটির সভাপতি হাসান আলী আলালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
র্যালি শেষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা একটি গুরুতর সামাজিক সমস্যা। এর ফলে প্রতিনিয়ত মূল্যবান প্রাণহানির পাশাপাশি বহু পরিবার আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়ে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকের মধ্যে দায়িত্বশীলতা ও সচেতনতা গড়ে তোলা জরুরি।
তাঁরা আরও বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার, যানবাহন চালানোর সময় সতর্ক থাকা এবং পথচারীদের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ করা হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠাকে একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নিয়মিত সচেতনতামূলক প্রচার, আইন সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিসচা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি দুর্ঘটনামুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
