বলিউডের 'এভারগ্রিন' জুটি সলমন খান এবং করিশ্মা কাপুর সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর পর্বে একসঙ্গে এসেছিলেন। শো-এর ওই পর্ব ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তাঁদের দীর্ঘ ৩৬ বছরের বন্ধুত্ব এবং একসঙ্গে ১১টি সফল ছবিতে জুটি, যেন দর্শকের মনে তাঁদের নিয়ে আজও কৌতূহল জোগায়। ‘জিৎ', ‘জুড়ওয়া’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘হাম সাথ সাথ হ্যায়’-র মতো ছবিতে অভিনয় করা এই দুই তারকার সাবলীল রসায়ন ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছে।
তবে এই এপিসোডের পর সোশ্যাল মিডিয়া এক্স (আগের টুইটার)-এ অন্য এক আলোচনা শুরু হয়। সলমন ও করিশ্মার অনবদ্য বন্ডিং দেখে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন—কেন তাঁরা অতীতে বিয়ে করলেন না? অনেকেই তাঁদের মধ্যে নিখুঁত ‘স্বামী-স্ত্রী’র মতো হাবভাব খুঁজে পান। এক অনুরাগী লেখেন, 'সলমন ও করিশ্মাকে একদম স্বামী-স্ত্রী মনে হচ্ছে। ওঁদের কেন বিয়ে হল না?' অন্য একজন মন্তব্য করেন, 'আমাদের দেখা সেরা জুটি, যারা বাস্তব জীবনে এক হল না। ভাই, এবার বিয়েটা করে ফেলো।'
শো চলাকালীন সলমন খান সন্তান নেওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন। এরপরেই এক নেটিজেন মন্তব্য করেন, “সলমন সন্তান চান, করিশ্মারও সন্তান আছে। দু'জনেই এখন অবিবাহিত এবং একে অপরকে ভালবাসেন। ভাবলে মন্দ হয় না!”
https://www.youtube.com/watch?v=cfjTF9q_Vsw
প্রসঙ্গত, অতীতে বিভিন্ন সম্পর্কের কথা শোনা গেলেও সলমন খান এখনও অবিবাহিত। অন্যদিকে, ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা, ২০১৪ সালে তাঁরা বিচ্ছেদের আবেদন জানান এবং ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাঁদের দুই সন্তান—সামাইরা ও কিয়ান। তবে গত বছর সঞ্জয় মারা যান। এখন সলমনের সঙ্গে করিশ্মার এই অনস্ক্রিন রিইউনিয়ন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
