প্রকাশিত: ০৮:৪৮, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ছবি: এপি
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে শতাধিক বাড়িঘর ধসে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ৩০০টির বেশি বাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকারী দল মোতায়েন করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলের বাচেন কাউন্টিতে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর উৎপত্তিস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।
