প্রকাশিত: ০৮:২৫, ১৭ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সীতাকুণ্ড মডেল থানা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুবৃত্তের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরো একজন। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর এলাকায় তাদের ওপর হামলা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত অলিনগর এলাকায় অতর্কিত এসে গুলি ছুঁড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
