Published on
:
2 min read
নয়ডার একটি আবাসনে গ্রেট ডেন কুকুরের আক্রমণে মৃত্যু হলো পাগের।
নয়ডার সেক্টর ৯৩বি-এর গ্র্যান্ড ওম্যাক্স সোসাইটিতে রবিবার সকালের ঘটনা। সকাল সাতটা নাগাদ পোষ্য পাগ প্রজাতির কালো রংয়ের কুকুর গোগোকে সঙ্গে নিয়ে নমিতা নামে এক মহিলা রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা ওই গ্রেট ডেন মহিলা ও তাঁর পোষ্যের উপরে হামলা চালায়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গ্রেট ডেন হামলা করছে দেখে আবাসনের বাকি সদস্যরা ছুটে আসেন। ওই মহিলা-সহ আরও কয়েকজন গোগোকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। কিন্তু ওই ডেন কুকুর গোগোকে কোনওভাবেই ছাড়েনি। শেষ পর্যন্ত গোগো নিস্তেজ হয়ে পড়ে।
জখম নমিতা জানান, সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি গোগোকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তখন টাওয়ার বি ব্লকের বাসিন্দা অন্য এক মহিলার গ্রেট ডেন কুকুর তাঁর দিকে ছুটে গিয়ে প্রথমে তাঁর পায়ে কামড় বসায়। পরে গোগোকে আক্রমণ করে। তার পিঠে জোরে কামড়ে ধরে। পরে জখম মহিলা গোগোকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যান। কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, পাগের সারা শরীরে একাধিক কামড়ের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতের কারণেই পাগের মৃত্যু হয়।
Pet Dogs Fight- On Sunday during morning walk, the Greyhound att*cked the Black Pug while the big dog's owner was putting zero efforts to seprate them. Black Pug was severely ma*led which lead to its death. A Complaint was filed with police but no action against the owner yet. https://t.co/wy4iIf7mjU
— Harshit Singh (@i_m_harshitsing) October 12, 2026
নমিতা পেশায় এক জন ওয়েডিং প্ল্যানার। তিনি জানান, তাঁর দুই ছেলে বিদেশে থাকেন। গোগো তাঁর সন্তানের মতো ছিল। তিনি আরও জানান, গোগোর যখন এক মাস বয়স সেই সময় তিনি তাকে চেন্নাই থেকে নিয়ে এসেছিলেন। খুব শান্ত ও মিষ্টি স্বভাবের ছিল গোগো।
ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অনেকে চেষ্টা করেও গ্রেট ডেনকে সামলাতে পারছিলেন না। নমিতা অভিযোগ করেন, দু'বছর আগেও ওই কুকুর গোগোকে দু'বার আক্রমণ করেছিল। ওই কুকুরের মালিককে একাধিকবার অভিযোগ করলেও, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও তিনি এই ঘটনার ফলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনাটি খতিয়ে দেখছেন।
