দুঃশাসনের দিনে দৈনিক কালবেলা বিএনপির কথা প্রচার করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৬ অক্টোবর) দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের এক কঠিন সময়ে দৈনিক কালবেলার যাত্রা শুরু হয়েছিল। অতি অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি বাংলাদেশের পাঠকসমাজে নিজের জায়গা করে নিয়েছে।’
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আমরা যখন প্রচণ্ড দুঃশাসনের মধ্যে দিনাতিপাত করেছি, তখনো আমাদের কথাগুলো যতদূর সম্ভব কালবেলা প্রকাশ করেছে।’
রুহুল কবির রিজভী আরও বলেন, গণতন্ত্রে গণমাধ্যমের যে স্বাধীনতা, কালবেলা তা ভোগ করছে। এই স্বাধীনতা কাজে লাগিয়ে পত্রিকাটি আগের মতোই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সমাজে কে শক্তিশালী আর কে নয়, তা বিবেচনায় নেওয়া উচিত নয়। বরং দুর্বল কেউ অত্যাচারিত হলে সেই বিষয়টি তুলে ধরে তার পক্ষে ভূমিকা রাখবে কালবেলা এমনটাই প্রত্যাশা করেন তিনি।
কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পরিচালনা পর্ষদ, সম্পাদকীয় বিভাগ, সাংবাদিক, কলাকুশলী, পাঠকসমাজসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে কালবেলার পাঠকদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
