লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইলে গেম খেলার সময় বিস্ফোরণে রুবেল হোসেন ও সাকিল আহমেদ নামে দুই যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত রুবেল হোসেন (৩৪) সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং সাকিল আহমেদ (২৭) একই এলাকার আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই যুবক একসাথে বসে মোবাইলে গেম খেলছিলেন। তখন মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তারা দুইজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, মোরাইল চার্জে লাগিয়ে গেম খেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে মুঠোফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
