ছবি: সংগৃহীত
-->দলের জার্সি নয়, গুরুত্ব পাবে পারফরম্যান্স। নাম কিংবা তারকা খ্যাতি কাউকে একাদশে জায়গা নিশ্চিত করে দিতে পারে না। রিয়াল মাদ্রিদের ডাগআউট থেকে এমনই স্পষ্ট বার্তা দিলেন কোচ হোসে মরিনহো। তার মতে, ক্লাবে একমাত্র লোগোটিই অস্পৃশ্য। বাকি সবার জায়গা নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের ওপর।
চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় নিষেধাজ্ঞার কারণে আপাতত ইউরোপীয় প্রতিযোগিতাতেই খেলার সুযোগ পাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তার জন্য স্বস্তির নয়। গত সপ্তাহে রোমার বিপক্ষে নিষ্প্রভ ছিলেন তিনি। ৫৮ মিনিটেই তাকে তুলে নেন মরিনহো। বদলি হিসেবে নেমে নজর কাড়েন এনড্রিক। তার দারুণ পারফরম্যান্সে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় রিয়াল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। ফলে একাদশে জায়গা ধরে রাখার লড়াইও কঠিন হচ্ছে। বিশেষ করে ইয়ান দিওমান্দে ও এনড্রিকের মতো খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ায় প্রতিযোগিতা বেড়েছে আরও।
আরও পড়ুন
মঙ্গলবার (২০ অক্টোবর) মরিনহো বলেন, ‘শুধু ক্লাবের লোগোটাই অস্পৃশ্য। কোনো খেলোয়াড়কে আমি অস্পৃশ্য মনে করি না। অধিনায়কের আর্মব্যান্ড, ক্লাবে দীর্ঘদিনের অবস্থান কিংবা বিশেষ মর্যাদা-কোনোটিই কাউকে আলাদা সুবিধা দেয় না। একজন খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ করে তোলে তার পারফরম্যান্স।’
এদিকে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। সামনে কাম্প নউয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ভালো অবস্থানে দলটি। ইন্টার মিলান ও রোমার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই জিতেছে তারা।
আরও পড়ুন
তবে এখনই শিরোপার স্বপ্নে বিভোর হতে চান না মরিনহো। তার চোখ আপাতত পরের ধাপে। রিয়াল কোচ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য এখনো অনেক পথ বাকি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা। এরপর চেষ্টা থাকবে প্লে-অফ এড়িয়ে সরাসরি পরের ধাপে ওঠার। কারণ প্লে-অফের দুটি ম্যাচই ভীষণ কঠিন হতে পারে।’
পাপ্পু/
আরও পড়ুন
