এরশাদুল হক, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে পলাশ রায় (৩০) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জ সদর থানাধীন তেঘরিয়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে এ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পলাশ রায়ের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করা হয়। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে তাঁকে মোবাইল কোর্টের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
দণ্ডপ্রাপ্ত পলাশ রায় (৩০) সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম নতুনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সুনীল রায় এবং মাতার নাম সতী রায়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
নিউজটি শেয়ার করুনঃ
