নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই আইসিসি পরিদর্শন করেছেন
এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি পরিদর্শন করেছেন, যেখানে তিনি মার্কিন নিষেধাজ্ঞার কারণে অসুবিধায় পড়া কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ জুগিয়েছেন।
পিল্লাই ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার সফরকালে তিনি আদালতের প্রেসিডেন্ট আকানে তোমোকো এবং আদালতের কর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন।
আদালতের ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে পিল্লাই বলেন, আদালতের কর্মীদের "আবেগ ও সাহস এটা নিশ্চিত করে চলেছে যে, বিচারহীনতাকে রাজত্ব করতে দেওয়া হবে না।"
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন শুক্রবার ঘোষণা করেছে যে, আকানেকে লক্ষ্য করে নেওয়া নিষেধাজ্ঞা পদক্ষেপের পর দেশটি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট আকানে নোবেল জয়ী পিল্লাই-এর উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বলেন, "স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে আন্তর্জাতিক ন্যায়বিচারের যে অপরিহার্য ভূমিকা রয়েছে, এটি তার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।"
শনিবার এক অনুষ্ঠানে পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, “শুধুমাত্র বিচারকদের দেওয়া বিচারিক আদেশের জন্যই একটি দেশ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।” তিনি এটিকে “অশ্রুতপূর্ব, অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।