মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে ফেরার পথে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সেখান থেকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান তিনি।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। নৌঘাঁটিতে পৌঁছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানেই মধ্যাহ্নবিরতি করেন তিনি।
মধ্যাহ্নবিরতি শেষে নৌঘাঁটি থেকে বের হয়ে মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।
The post প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
