মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চলাকালে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় অপু (২৪) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক অপু ওই গ্রামের জালাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে শালিখা থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একজনকে আটক করে পুলিশ।
আটকের পর ওই ব্যক্তি নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে পালানোর চেষ্টা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের এক কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে আই
