পাহাড়ে উন্নয়ন, শান্তি-সম্প্রীতির অস্ত্রধারী-সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য জেলা পরিষদ আয়োজিত মাদক ও সন্ত্রাসমুক্ত সম্প্রীতির উন্নয়নমুখী খাগড়াছড়ি জেলা গড়ার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করেন তিনি।
ওয়াদুদ ভূইয়া বলেন, উন্নয়নের প্রথম শর্ত শান্তি। পাহড়ে এখন শান্তি নেই। সন্ত্রাসীদের কারণে পাহাড়ে উন্নয়ন বিঘ্ন হচ্ছে। অনেক মেধাবী ও বিশিষ্ট পাহাড়ি নেতৃত্ব দেশ ছেড়ে চলে যাচ্ছে। এখন যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অস্ত্র দিয়ে সমস্যার সমাধান হবে না। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।

সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন- পাহাড়ে সেনা শাসন চলছে না, অস্ত্রধারীদের নিরস্ত্রের অভিযান চলছে। অস্ত্রধারীরা সাজেকের নিরীহ মানুষকে নিজেদের স্বার্থে মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, পাহাড়ে অস্ত্রধারীরা আছে বলেই সেনাবাহিনী আছে। সেনাবাহিনীকে জড়িয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী চিরদিন থাকার জন্য আসেনি। তিনি বলেন, যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তারা আমাদের শত্রু। সাজেকে সড়ক অবরোধ করার জন্য নিরীহ মানুষকে বাধ্য করা হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজা আলী খান ও মং সার্কেল চিফ।
বক্তারা বলেন, আমাদের সমাজে প্রত্যেক সমস্যার পেছনে কিশোর গ্যাং ও মাদকাসক্তি। তাই সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে মাদকমুক্ত যুব সমাজ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সমৃদ্ধ ও উন্নত জেলা গঠনে বেকারত্ব দূরীকরণ, নারী পুরুষের সমতা, দুর্নীতি রোধ ও সর্বোপরি পাহাড়ে উন্নয়ন করতে হবে। এছাড়াও শান্তি-সম্প্রীতির পাহাড় গড়তে অস্ত্রধারী-সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
