যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তিনি কুড়িগ্রামের বাসিন্দা। পরীক্ষা চলাকালে গোপনে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে কেন্দ্রের পরিদর্শকের হাতে আটক হন তিনি।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর ওই পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
