Published on
:
2 min read
অস্ত্র সরবরাহের নেটওয়ার্কের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। একটি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ সংগ্রহ করে ক্যারিয়াররা। সেই অস্ত্র পৌঁছে যায় ‘ডেড লেটার বক্স’-এ। সেখান থেকে অস্ত্র সংগ্রহ করে আততায়ীরা। পুরো চক্রের যোগাযোগ বজায় ছিল এনক্রিপ্টেড চ্যাট-এর মাধ্যমে। বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল নিখুঁত প্ল্যান। মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ‘ডেড লেটার বক্স’ আসলে এমন একটি ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট কোনও জায়গায় যাওয়ার আগেই কোনও জিনিস রেখে দেওয়া হয়। পরে অন্য ব্যক্তি সেখানে গিয়ে সেটি সংগ্রহ করেন। এই ব্যবস্থায় যিনি জিনিসটি রেখে যান এবং যিনি সংগ্রহ করেন, তাঁদের সরাসরি দেখা হওয়ার প্রয়োজন হয় না। সেই বুদ্ধি অ্যাপ্লাই করা হয়েছিল এই ঘটনায়। পুলিশের দাবি, এই মামলায় কুণাল ও সুমিত নামে দুই অভিযুক্ত অমৃতসরে গিয়ে একটি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ সংগ্রহ করেছিল। তাদের কাছে আগে থেকেই সংগ্রহস্থলের তথ্য পৌঁছে দেওয়া হয়। রাধা ও ববিতা নামে দুই মহিলাকে অস্ত্র আনার কাজে ব্যবহার করা হয়।
তদন্তে জানা গিয়েছে, কুণাল ও অনিল পণ্ডিত নামে এক ব্যক্তির মধ্যে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ চলত। অস্ত্র সংগ্রহ এবং তা মুম্বইয়ে পৌঁছে দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। অস্ত্র পরিবহণের ব্যবস্থা করার জন্য কুণালকে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে সন্দেহ। সেই অর্থ থেকে দুই মহিলাকে প্রায় ১০-১২ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।
কারা অস্ত্র সরবরাহ করেছিল, সরবরাহকারী নেটওয়ার্কের অন্য কোনও সদস্য ছিল কি না এবং হামলার নেপথ্যে কারা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনাটিকে একটি সংগঠিত অপরাধচক্রের সম্ভাব্য অপারেশন হিসেবে দেখা হচ্ছে।
গত ১৮ অক্টোবর পুষ্প নার্সি পার্কের গুলিতে জখম হন অভিনেতা। ফুটবল খেলা শেষে সেখান থেকে বেরিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে দিকে সাত রাউন্ড গুলি চালায় এবং এরপর মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
FAQ
১. টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনা কবে ঘটে?
১৮ অক্টোবর ২০২৬ মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
২. ‘ডেড লেটার বক্স’ পদ্ধতি কী?
এটি এমন একটি পদ্ধতি, যেখানে নির্দিষ্ট জায়গায় আগে থেকে কোনও জিনিস রেখে দেওয়া হয় এবং অন্য ব্যক্তি পরে সেটি সংগ্রহ করেন। এই ব্যবস্থায় দু’জনের সরাসরি দেখা হওয়ার প্রয়োজন হয় না।
৩. অস্ত্র মুম্বইয়ে পৌঁছে দেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে?
পুলিশের দাবি অনুযায়ী, রাধা ও ববিতা নামে দুই মহিলা অস্ত্র পরিবহণে যুক্ত ছিলেন। তাঁদের সঙ্গে কুণাল ও সুমিতের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
৪. অস্ত্র সরবরাহের জন্য কত টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ?
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, কুণালকে ৭০-৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেখান থেকে দুই মহিলাকে ১০-১২ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।
৫. টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় কি গ্রেপ্তার হয়েছে?
হ্যাঁ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত শুটারদের পাশাপাশি অস্ত্র সরবরাহের অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।
