পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা কর হয়। কোম্পানিগুলো হলোÑ বিএসআরএম স্টিলস, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
লভ্যাংশ ঘোষণা দেওয়া কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টিলস ৬০ শতাংশ, বিএসআরএম লিমিটেড ৫৫, বাংলাদেশ ল্যাম্পস ১০, ফার ইস্ট নিটিং ৬ ও নাহি অ্যালুমিনিয়াম ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাঁচ কোম্পানির মধ্যে বাংলাদেশ ল্যাম্পস ও নাহি অ্যালুমিনিয়াম আগের হিসাববছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। তবে ফার ইস্ট নিটিংয়ের লোকসান বেড়েছে।
বিএসআরএম স্টিলস : কোম্পানিটি আলোচ্য হিসাববছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ দশমিক শূন্য ৩ টাকা। আগের হিসাববছরে এ আয় ছিল ১৩ দশমিক ৭৭ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৩৬ টাকা, যা আগের বছর ছিল ৯০ দশমিক ৫২ টাকা। তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ২৪ দশমিক ৪৬ টাকায় দাঁড়িয়েছে। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৪৫ দশমিক শূন্য ২ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
বিএসআরএম : কোম্পানিটি ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর এ আয় ছিল ২০ দশমিক ৫৭ টাকা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮৬ দশমিক শূন্য ৬ টাকা, যা আগের বছর ছিল ১৬৬ দশমিক ৭৯ টাকা। তবে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ কমে ৬ দশমিক ৪৯ টাকায় দাঁড়িয়েছে। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৫২ দশমিক ১৫ টাকা। কোম্পানিটির এজিএম আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৫ নভেম্বর।
বাংলাদেশ ল্যাম্পস : কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১ টাকা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৬৪ টাকা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ দশমিক ২২ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ দশমিক শূন্য ২ টাকা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৩ দশমিক ১২ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ঋণাত্মক ১৩ দশমিক ৮৬ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বও বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
ফার ইস্ট নিটিং : কোম্পানিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে; অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ৬০ পয়সা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক শূন্য দশমিক ৬৭ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ দশমিক ৭১ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৩ দশমিক ৪০ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ১ দশমিক ৭৫ টাকা। বুধবার (১৪ অক্টোবর) গুলশান-১-এর মইন সেন্টারে কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩১৯তম সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাহি অ্যালুমিনিয়াম : কোম্পানিটি ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৭১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ দশমিক ১৮ টাকা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে শূন্য দশমিক ৭৫ টাকা। আগের বছর এ পরিমাণ ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৫৪ টাকা। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।