কালবেলা · সাধারণ
বরুড়ায় বাগানে বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ, ঘটনাস্থলে ছুরি ও কীটনাশক
২৪/১০/২০২৬

কুমিল্লার বরুড়ায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে শাকপুর ইউনিয়নের চৌওড়ি এলাকায় শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত মোবারক হোসেন শাকপুর ইউনিয়নের চৌওড়ি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বরুড়া পৌর সদরে এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। এ কাজের আয়েই চলত তার জীবিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগানের মধ্যে মোবারক হোসেনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে মোবারক হোসেনকে কী কারণে হত্যা করা হয়েছে, নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মূল প্রতিবেদনে যান ↗