Published on
:
1 min read
বছরভর চর্চায় থাকেন তিনি। কবে দেখা যাবে পর্দায়? কার সঙ্গে জুটি বাঁধবেন? নানা প্রশ্ন চলতেই থাকে। তবে এ বার একেবারে অন্য ভাবে দেখা মিলবে রুক্মিণী মৈত্রের। আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী। অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন তিনি। জল্পনায় সিলমোহর দিয়েছে প্রযোজনা সংস্থা। সানশাইন পিকচার্সের ব্যানারে ‘শামুক’ ছবিতে দেখা যাবে রুক্মিণীকে।
রুক্মিণীর একটি ছবি দিয়ে প্রোডাকশন হাউজ়ের তরফে লেখা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রুক্মিণী মৈত্র ‘শামুক’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। ‘সনক’ ছবিতে একসঙ্গে কাজ করার পরে দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁর। তাই আমরা আবারও একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে। তাই একটা দারুণ সফর হতে চলেছে একসঙ্গে।’
কণিষ্ক ভার্মা পরিচালিত ‘শামুক’ ছবিটির শুটিং চলছিল ইউকেতে। অক্ষয় কুমার সেখানে শুটিং করেছেন। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার হতে চলেছে ছবিটি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রুক্মিণীকে। অভিনেত্রীর স্ক্রিন প্রেজেন্সের জন্যই তাঁকে বেছে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতারা।
১২ বছর পরে এই ছবির হাত ধরে একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। এর আগে ‘হলিডে: এ সোলজার ইজ় নেভার অফ ডিউটি’, ‘নমস্তে লন্ডন’, ‘অ্যাকশন রিপ্লে’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। অন্য দিকে, ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা ‘শামুক’ ছবিটি।
