কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, সার ও ডিলার নিয়ে নানান অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের তদন্ত করছেন গোয়েন্দারা। তদন্তে কোন অসঙ্গতি পেলে তা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা হবে।
বুধবার(১৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতির বিকাশে প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি উন্নয়নে কাজ শুরু হয়েছে। একই সাথে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে সংগীত চর্চার ক্লাসের ব্যবস্থা করা হবে। এ জন্য প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সংগীত চর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, খেলাধুলার জন্য মাঠ তথা স্টেডিয়াম দরকার। সেজন্য বর্তমান সরকার উপজেলায় একটি স্টেডিয়াম ও প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু করেছে। ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ্য বিনোদনের ব্যবস্থা করা হলে মাদকের মত ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করা সম্ভব। সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে কাশফুল স্পোটিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েল প্রমুখ।
