টঙ্গীবাড়ীর কবির শেখ (৪৪) জীবিকার তাগিদে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে ৮ মাস আগে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বৃহস্পতিবার মালয়েশিয়া সেরেম্বান এলাকায় জাফার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবির শেখ উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মীর আলী শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. জনি হাওলাদার জানান, কবির শেখ বৃহস্পতিবার সকালে তার কর্মস্থলে গেলে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তার কর্মস্থলের সহকর্মীদের সহযোগিতায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মালয়েশিয়া থেকে তার মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলমান রয়েছে। তার একটি কন্যা সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন।
