Published on
:
1 min read
এই সময়, বালুরঘাট: কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে এসে 'পিএম সূর্যঘর' প্রকল্পের আওতায় ২৫ হাজার বাড়িতে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন।
কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন জমা পড়েছে মাত্র ৯৩৯টি। তার মধ্যে সংযোগ দেওয়া হয়েছে মাত্র ১৫০টি বাড়িতে। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রকল্পের গতি কম হওয়ায় উদ্বিগ্ন খোদ প্রশাসনই। এই পরিস্থিতিতে আর শুধু আবেদন নেওয়া নয়, প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ বার মাঠে নামছে জেলা প্রশাসন ও বিদ্যুৎ দপ্তর।
প্রতিটি ব্লকে এই প্রকল্প নিয়ে প্রচার চালানোর পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। এই প্রচারে জনপ্রতিনিধিদেরও যুক্ত করার কথাবার্তা চলছে। গত মঙ্গলবার বালুরঘাট বালুছায়ায় গ্রাহকদের নিয়ে এই বিষয়ে সচেতনামূলক একটি আলোচনা সভা করেছে বিদ্যুৎ দপ্তর। সেখানে সৌরবিদ্যুতের ভালো দিকগুলি তুলে ধরা হয়েছে।
সূত্রের খবর এই আলোচনা সভার কারণে আরও ৩০০ মানুষ ওই প্রকল্পে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌভিক সরকার বলেন, 'আমাদের লক্ষ্য ২৫ হাজার বাড়ি। সাধারণ মানুষের মধ্যে প্রকল্পটি নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্তরে প্রচার চালানো হচ্ছে।'
