চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে একটি বেকারি কারখানার যন্ত্রপাতি, উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কাঁচামাল পুড়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বেকারির মালিক আব্দুস সাত্তার জানান, ভোররাতে কারখানায় আগুন লাগে। এতে পুরো কারখানা পুড়ে যায়। উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, শুক্রবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত বেকারিটি পরিদর্শন করেন এলাকার সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ সময় তিনি কারখানার মালিককে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
