শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া বাসস্ট্যান্ড এলাকায় অসুস্থ তিন বছরের শিশু রাসেল ও তার অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছেন শিধলকুড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. বাদল মাদবর। শনিবার (১৭ অক্টোবর) শিশুটিকে উদ্ধার করে নিজের উদ্যোগে ও ব্যক্তিগত খরচে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। শিধলকুড়া বাসস্ট্যান্ড এলাকায় শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে বাদল মাদবর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। শিশুটির শরীরে অ্যালার্জি ও বিভিন্ন স্থানে ঘা দেখা গেছে। পরে তিনি নিজের খরচে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন।
শিশু রাসেলের বাড়ি রানীসার গ্রামে। তবে তার পরিবারের অন্যান্য সদস্য ও বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে বাদল মাদবর বলেন, “মানুষ মানুষের জন্য। অসহায় মা ও শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে দূরে রাখতে পারিনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেছি। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। শিশুটির সুস্থতা কামনা করছি এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
অসহায় মা ও শিশুর প্রতি তাঁর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। শিশুটির চিকিৎসা অব্যাহত রাখা এবং মা-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
