আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পঞ্চগড় জেলায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
পরিদর্শনকালে তিনি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপনে সবাইকে আশ্বস্ত করেন এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মতবিনিময় শেষে বিজিবির পক্ষ থেকে মন্দির কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবস্থিত ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পূজামণ্ডপে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। এ ছাড়া মনিটরিং সেলের মাধ্যমে পূজামণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি অধিনায়ক দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি সঠিক তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিজিবি অধিনায়ক পঞ্চগড় শহরের আরও কয়েকটি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
The post পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন appeared first on সকালের খবর ২৪.
