ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। ২০১৯ সালে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করা এই অভিনেত্রীর সংসারে ভাঙনের সুর উঠেছে এবং তাদের বিচ্ছেদ হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়াও জানাননি সাবিলা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের সূত্রপাত মিলি সুলতানা নামের এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
ওই পোস্টগুলোতে মিলি সুলতানা দাবি করেন, সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকেই তার দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এ প্রসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খানের সঙ্গে সাবিলার মেলামেশা নিয়ে অভিযোগ তোলেন তিনি। তার দাবি, এর প্রভাব পড়ে সাবিলার পারিবারিক জীবনে।
পরবর্তী আরেকটি পোস্টে মিলি সুলতানা ‘রকস্টার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক আব্দুল মামুনের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তোলেন। ওই সম্পর্কের কারণেই সাবিলা ও নেহালের সাত বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে বলে দাবি করেন তিনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপিত হয়নি। ফলে সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে করা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দাবিগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
এ বিষয়ে সাবিলা নূরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এমএম/
