রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন গায়কের ভক্তরা।
আসিফ আকবরের স্ত্রী সালমা বেগম ঘটনাটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। এই তারকাপত্নী বলেন, ‘ভোর ৫টার দিকে মগবাজার বিশাল সেন্টার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়ি টার্গেট করে গুলি করা হয়েছে। সে সময় উনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন উনি নিরাপদে আছেন। আল্লাহ হেফাজতের মালিক।’
এদিকে, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি। তবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাতিরঝিল থানা পুলিশ।
