পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত কাণ্ড কাঁকসার রাজবাঁধে। বচসার জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত গৃহবধূকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় মূল অভিযুক্ত স্বামী স্বরূপ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মদত দেওয়ার অভিযোগে বাপি হালদার নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত দু’জনেরই বাড়ি রাজবাঁধের কলেজ পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রাজবাঁধের কলেজ পাড়ায় স্বরূপ হালদারের সঙ্গে তাঁর স্ত্রীর বচসা শুরু হয়। পারিবারিক অশান্তি ক্রমশ চরমে উঠতেই উত্তেজিত হয়ে স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন স্বরূপ। গৃহবধূর শরীরের একাধিক জায়গায় কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। এরপরই আক্রান্ত গৃহবধূর পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল এবং হামলায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
