শারদীয় দুর্গাপূজা ঘিরে ফেনীতে নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ছাগলনাইয়া উপজেলার শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম এসব তথ্য জানান।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বাহিনীটি। দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এজন্য পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মাবলম্বীর নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদযাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তারেক চৌধুরী/ এনটি
