নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের (২৫) বাকবিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় লোহা দিয়ে তৈরি হাম্বল দিয়ে সজোরে আঘাত করে।
এতে সেলিম রেজা গুরুতর আহত হয়ে নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
