দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতামুক্ত চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সংগঠনটির নেতারা বলেছেন, তরুণদের শক্তিকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে নিরাপদ, পরিচ্ছন্ন, কর্মসংস্থানবান্ধব ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে কাজ করবেন তাঁরা।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির ‘মিট দ্য প্রেস’ ও পরিচিতি সভায় এসব কথা বলেন নেতারা।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বখতিয়ার হোসেন। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. ইসমাইল।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বখতিয়ার হোসেন বলেন, “৫ আগস্টের আগে যুবলীগের হাতে যুবলীগকে খুন হতে হতো, আর এখন যুবদলের হাতে যুবদল খুন হচ্ছে।” চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ফজলুল আমিনকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “আগামীর বাংলাদেশে আমরা এমন কোনো ঘটনা আর দেখতে চাই না।”
জাতীয় যুবশক্তির কার্যক্রম তুলে ধরে বখতিয়ার হোসেন আরও বলেন, “বাংলাদেশের একমাত্র যুব সংগঠন জাতীয় যুবশক্তি, যাদের বিরুদ্ধে এক টাকা চাঁদাবাজিরও কোনো অভিযোগ নেই। নিজ দলের লোকদের হাতে খুন হতে না চাইলে জাতীয় যুবশক্তিতে যোগ দিন।”
সভায় নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটির নেতারা তাঁদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা জানান, সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি ও যোগ্য নেতৃত্ব বিকাশের মাধ্যমে দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে কাজ করবে জাতীয় যুবশক্তি। পাশাপাশি তরুণদের মেধা, শ্রম ও উদ্যম কাজে লাগিয়ে নগরীর বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও সংগঠনটির লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইরফাত ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর শোয়েব ও সদস্যসচিব আরিফ মইনুদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আকরামুল হক ও সদস্যসচিব আব্দুল করিম টিপু এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব খান তালাত রাফি।
এ ছাড়া জাতীয় যুবশক্তির চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতারা।
এই বাংলাপ/এমএস
