ধূপ-কুয়াশার চাদর গায়
টুপ-শিশিরের নূপুর পায়,
এলো ঋতু হেমন্ত।
চাষীর ঘরে সোনালি ধান
কণ্ঠ ভরা মধুর গান
দুঃখ হলো অন্ত।
ভোর বেলাতেই ঢেঁকির রব
পিঠা-পুলির মহোৎসব
নতুন ধানের চালে।
গ্রাম ভেসে যায় মৌ মৌ ঘ্রাণে
শ্বাস টেনে লই তৃপ্ত প্রাণে
জড়াই অঘ্রাণ-জালে।
খেজুর গাছে গাছি ওঠে
সর্ষে ফুলে মাছি ছোটে
চাকে জমায় মৌ।
উৎসবে তাই গ্রামটি সাজে
কামিনী ফুল, গন্ধরাজে
সাজে হেমন্ত-বউ।
The post হেমন্ত-বউ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
