সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে রমেশ মন্ডলের (৩৫) বিরুদ্ধে। তারা দুজন সম্পর্কে চাচি-ভাতিজা।
এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল আহত হয়েছেন। ঘটনার পর রমেশ মন্ডলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রমেশ মন্ডল ওই গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে।
প্রাথমিক তথ্যমতে, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মন্ডল তার মা, চাচি ও চাচাতো ভাইকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত সমীর কুমার মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী মন্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, এ ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
