নওগাঁর বদলগাছী উপজেলায় বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সোহাগী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সোহাগীর বাবা বাড়ি থেকে ২০০ গজ উত্তরে মো. বুলবুল হোসেনের খালি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান। বাবার পেছন পেছন শিশুটিও জমিতে যায় এবং পাশেই খেলা করছিল।
একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাশের ধানখেত থেকে হঠাৎ দুটি শেয়াল একসঙ্গে বেরিয়ে এলে শিশুটি ভয় পেয়ে দৌড় দেয়। এ সময় জমিতে পাওয়ার টিলারের চাকা ঘুরিয়ে চাষ চলছিল। দৌড়ানোর সময় সোহাগী টিলারের নিচে পড়ে যায়। টিলারের ফলা ও চাকার আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো আইনি জটিলতা নেই এবং কোনো মামলা দায়ের করা হয়নি।
বিআলো/শিলি