বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যু একটি উদ্বেগজনক সমস্যায় পরিণত হয়েছে। শিশুদের পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে এবং তাদের মধ্যে জীবন রক্ষাকারী দক্ষতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অবস্থিত উইজডম সেন্ট্রাল স্কুল। বিদ্যালয়টির প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম।
খেলার ছলে প্রশিক্ষকের তত্ত্বাবধানে সাঁতারের প্রাথমিক কৌশল শিখছে শিশুরা। পানিতে কীভাবে নিরাপদ থাকতে হয়, বিপদের পরিস্থিতিতে কী করণীয় এবং সাঁতারের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়েও দেওয়া হচ্ছে প্রয়োজনীয় দিকনির্দেশনা। লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে শিশুদের সাঁতার শেখার সুযোগ তৈরি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের কাছে সাঁতার শেখা যেন আনন্দের পাশাপাশি আত্মবিশ্বাস অর্জনেরও এক নতুন অভিজ্ঞতা। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী শিহাব, আরাফাত সানী ও নাজীব জানায়, সাঁতার শেখার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। পানিতে নামা, সাঁতারের বিভিন্ন কৌশল রপ্ত করা এবং প্রশিক্ষকের নির্দেশনা অনুসরণ করার মধ্য দিয়ে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করছে। সাঁতার শিখে নিজেদের আরও দক্ষ করে তোলার পাশাপাশি পানিতে নিরাপদ থাকার বিষয়টিও তারা শিখছে বলে জানায় শিক্ষার্থীরা।

উইজডম সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা এম এম নেয়ামত উল্লাহ সরকার জানান, শিক্ষার উদ্দেশ্য শুধু বইয়ের জ্ঞান অর্জন নয়, শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় শিশুদের সাঁতার শেখা অত্যন্ত জরুরি। পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে এবং শিশুদের জীবনরক্ষাকারী দক্ষতা গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিশু সাঁতার শিখুক, পানিতে নিরাপদ থাকার নিয়ম জানুক এবং সচেতনভাবে বেড়ে উঠুক।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আনন্দের মধ্য দিয়ে তারা যেন সাঁতার শেখার পাশাপাশি আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে উঠতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।
শরীফুল ইসলাম/কেজে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
