শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অসাবধানতা ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ১৩টি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৯ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক সচেতনতামূলক বার্তায় এসব নির্দেশনা তুলে ধরা হয়। ফায়ার সার্ভিসের নির্দেশনায় বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩’ এবং এ-সংক্রান্ত অন্যান্য আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনায় উল্লেখিত শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করাও জরুরি।
রান্নার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে সংস্থাটি জানিয়েছে, রান্না শেষে চুলা ও গ্যাসের সংযোগ বন্ধ রাখতে হবে। গ্যাসের চুলা নেভাতে ফুঁ দেওয়া যাবে না এবং চুলার নব ভালোভাবে বন্ধ করতে হবে। চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। রান্নাঘরে গ্যাস জমে থাকলে চুলা জ্বালানো বিপজ্জনক হতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক সংযোগ, তার, সুইচ ও যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করতে হবে। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ব্যবহার এবং অতিরিক্ত বৈদ্যুতিক লোড এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
ধূমপানের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ সম্পূর্ণ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলতে হবে। শিশুদের আগুন, দিয়াশলাই ও লাইটার নিয়ে খেলতে দেওয়া যাবে না। একই সঙ্গে দাহ্যবস্তু সংরক্ষণের গুদামে খোলা বাতি ও মশার কয়েল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাসাবাড়ি, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে। এসব যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জনের পাশাপাশি নিয়মিত অগ্নিনিরাপত্তা মহড়ার আয়োজন করতে হবে।
অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিপ্রতিরোধ, অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ নিতে সংস্থাটির সহযোগিতা নেওয়া যেতে পারে।
ফায়ার সার্ভিসের মতে, অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে চলা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। তাই শুষ্ক মৌসুমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি অগ্নিনিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
The post অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা appeared first on ভোরের চেতনা.
