আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক মতাদর্শে একেবারে বিপরীত মেরুতে অবস্থান বিজেপি ও সিপিআইএম-এর। অন্যদিকে, বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক সংঘাতও রাজ্য রাজনীতিতে বহুচর্চিত। তবে রাজনীতির সেই বিভেদ যেন মুছে গেল মা দুর্গার সামনে। সিউড়ির ৬ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনির দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চে একসঙ্গে দেখা গেল বিজেপি, সিপিএম ও তৃণমূলের পরিচিত মুখদের।
এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, সিপিআইএম পরিচিত নেতা দেবাশিস গঙ্গোপাধ্যায় এবং ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনিদীপা মুখোপাধ্যায়। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে তাঁদের এই উপস্থিতি নজর কাড়ল পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের।
অনুষ্ঠানে দেবাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ভোটে জেতার বিভিন্ন কৌশল শেখানোর ক্ষেত্রে এই সিপিএম নেতার ভূমিকার কথাও তাঁর মুখে শোনা যায়।
