গতকাল ফরিদপুর, গাজীপুর, খাগড়াছড়ি, কক্সবাজার, মাদারীপুর ও নাটোরে এসব দুর্ঘটনা ঘটে।
দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছে। গতকাল ফরিদপুর, গাজীপুর, খাগড়াছড়ি, কক্সবাজার, মাদারীপুর ও নাটোরে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যসহ অন্তত ৩৪ জন আহত হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সহায়তা করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
ফরিদপুর: জেলার সদর ও মধুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
মধুখালীর আড়কান্দিতে ঢাকাগামী কিংফিশার পরিবহনের বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক নারী নিহত হন। করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে কানাইপুর তেঁতুলতলায় মাগুরা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে বিপরীতমুখী বালিবোঝাই ট্রাক চাপা দেয়। এতে প্রাইভেট কারে থাকা সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওনের (৭) মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার কথা জানান।
গাজীপুর: জেলার কালীগঞ্জে টহল দেয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও পথচারী রফিক ইসলাম (৪৫) নিহত হন। এতে এসআই জাবেদ ওমর ও কনস্টেবল রাব্বি আহত হন।
কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে কথা বলার সময় তাদের চাপা দিয়ে ভ্যানটি পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে মারা যান এসআই মিজানুর। গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার ও কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার: জেলার চকরিয়ার খুটাখালী এলাকায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপের আরোহী আব্দুল্লাহ (২৭) ও মো. ইয়াছিন (২৫)।
মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. সেলিম মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি: জেলার পানছড়িতে সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে তানিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এতে বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ তিনজন আহত হন। লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।
মাদারীপুর: জেলার সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সেলিম হাওলাদার (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মারুফ রহমান জানান, নিহত ব্যক্তি নিজ গাড়ি চালিয়ে ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর: জেলার বড়াইগ্রাম থানার মোড় এলাকায় দেশ ট্রাভেলস ও তাবাসসুম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
