Published on
:
2 min read
কলকাতার ভিড়ভাট্টা এড়িয়ে সেরা পুজো দেখতে চান? তবে নদিয়ার বাদকুল্লা হতে পারে সেরা ঠিকানা। মাত্র এক কিলোমিটারের মধ্যে পর পর সাজানো রয়েছে ৩০টিরও বেশি চোখধাঁধানো বিগ বাজেটের দুর্গাপুজো। থিমের বৈচিত্র আর আলোর রোশনাইয়ে কলকাতাকে টক্কর দিতে এক পা-ও পিছিয়ে নেই তাহেরপুর থানা এলাকার এই ছোট্ট জনপদ। বাদকুল্লার পুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে কোমর বেঁধে আসরে নেমেছেন স্থানীয় কৃষ্ণগঞ্জের বিধায়ক সুকান্ত বিশ্বাস। মণ্ডপে মণ্ডপে ঘুরে রীতিমতো ফুড ও ট্রাভেল ব্লগারের ঢঙে ভিডিয়ো পোস্ট করে তিনি রাজ্যবাসীকে বাদকুল্লায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।
বিধায়কের ডাকে সাড়া দিয়ে মেতে উঠেছে গোটা এলাকাও। স্থানীয় তরুণ-তরুণীরা পুজোর রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন। কেউ আবার ফেসবুক লাইভে গেয়ে শোনাচ্ছেন থিম সং। লোকশ্রুতি রয়েছে, এককালে প্রজাদের দুরাবস্থা দেখে জমিদার খাজনা মকুব করে দিয়েছিলেন বলেই এই জায়গার নাম হয়েছিল বাদকুল্লা। সেই বাদকুল্লার পুজোয় আজ কোনও চমকই কিন্তু ‘বাদ’ নেই। শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখার জালালখালি ও তাহেরপুর স্টেশনের মাঝে অবস্থিত এই এলাকায় এখন উৎসবের এলাহি আয়োজন।
এখানকার অন্যতম জনপ্রিয় অনামী ক্লাবের পুজো চলতি বছর পা দিয়েছে ৬১তম বর্ষে। ফ্রান্সের এক রাজকীয় ভিলার আদলে প্লাইউড দিয়ে তৈরি হয়েছে তাদের সুবিশাল মণ্ডপ। সঙ্গে রয়েছে চন্দননগরের আলোর জাদু আর ঘূর্ণির নামী শিল্পীর গড়া প্রতিমা। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের মণ্ডপ সেজেছে লক্ষাধিক ফেলে দেওয়া বোতল দিয়ে। তাদের থিম ‘বোতলবন্দি জীবন’।
অন্যান্য মণ্ডপেও রয়েছে বিশ্ব ভ্রমণের হাতছানি। ৭৮তম বর্ষে গাংনী উদয়ন সঙ্ঘের মণ্ডপ তৈরি হয়েছে মায়ানমারের ঐতিহাসিক বৌদ্ধ স্থাপত্য ‘আনন্দ টেম্পল’-এর আদলে। আবার কদমতলার এনবিসি ক্লাবে মাথা তুলেছে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দিরের রূপ পেয়েছে ভ্রাতৃশ্রীর মণ্ডপ। পঞ্চগ্রাম ইয়ং স্টারে দেখা মিলবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের, আর মিলন সঙ্ঘ তৈরি করেছে প্যারিসের এক প্রাচীন গির্জা। এ ছাড়াও পল্লিশ্রী, সর্বশ্রী, নবশ্রী ও যুবক সঙ্ঘের মতো বহু মণ্ডপে অপেক্ষা করছে চোখজুড়ানো সব থিম। কৃষ্ণগঞ্জের বিধায়ক সুকান্ত বিশ্বাসের কথায়, বাদকুল্লার পুজো মানেই ভালোবাসা আর আড়ম্বরের মহা উৎসব, যাকে ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রে ভর করেই তাঁরা ছড়িয়ে দিতে চান সবার মাঝে।