আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনা আধিকারিকের পরিচয় দিয়ে কলকাতার কমান্ড হাসপাতালে ঢোকার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম দিব্যেন্দু মিত্র।
তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে বেআইনিভাবে হাসপাতালে প্রবেশ এবং ভুয়ো সেনাকর্মী পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় আলিপুর থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কর্নেল জে জি শঙ্করের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার আলিপুর থানায় মামলা দায়ের করে পুলিশ। অভিযোগ, হাসপাতালে জাল পরিচয়ে ঢোকার পাশাপাশি অভিযুক্তের থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মিলেছে।
অথচ তার কোনও বৈধ লাইসেন্স মেলেনি। তা সত্ত্বেও তিনি কলকাতার কমান্ড হাসপাতাল চত্বরে বেআইনিভাবে প্রবেশ করেন। শুধু তাই নয়, অভিযুক্ত নিজেকে ভারতীয় সেনাবাহিনীর ৫২২ এএসসি ব্যাটালিয়নের কর্মী বলেও পরিচয় দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযুক্ত দিব্যেন্দুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯(২) ও ৩২৯(১) ধারা এবং অস্ত্র আইনের ২৫(১বি)(এ) ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই, অভিযুক্ত দিব্যেন্দুকে গ্রেপ্তার করা হয়েছে।
কী উদ্দেশ্যে ওই ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ কমান্ড হাসপাতালের চত্বরে প্রবেশ করেছিলেন এবং সেনাকর্মীর পরিচয় দেওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
https://youtu.be/JwFdq_tA9cE?si=JA_UI9mIKHVPLyZO
লালবাজার সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে কিনা বা কোনও চক্রের মদত রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
