মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি এখন থেকে সম্মুখভাগেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিদ্যমান বিধান রয়েছে। তবে সরকার এখন পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সামনের নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে বিআরটিএ সুনির্দিষ্ট পরিমাপ ও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে:
মোটরসাইকেল (স্কুটার): নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। স্কুটার ব্যতীত অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের গঠন ও নকশা নিয়ে বেশ কিছু সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। ম্যানুয়াল নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এছাড়া নম্বরপ্লেটের ওপর কোনো ধরনের শোভাধন, অতিরিক্ত নকশা বা ডিজাইন করা যাবে না।
বিআরটিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব মোটরসাইকেল মালিককে নির্ধারিত শর্ত মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অমান্য করলে আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
