সৌদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এছাড়া এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয়; অপরজন সৌদির নাগরিক।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। তবে এ হামলায় তারা ড্রোন নাকি মিসাইল ব্যবহার করেছে সেটি জানায় সৌদি কর্তৃপক্ষ।
যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর কয়েকজন সামান্য আহত হয়েছেন।
আরও পড়ুন
কর্তৃপক্ষ বলেছে, হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরাপত্তাবাহিনীকে নিয়ে এখন নিরূপণ করা হচ্ছে। আর অল্প সময়ের মধ্যে বিমানবন্দরটিতে আবারও প্লেন ওঠানামা স্বাভাবিক হয়ে যায় বলে উল্লেখ করেছে তারা।
গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি প্লেন অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই প্লেনে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদিতে হামলা চালায়। তারা দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগারকে টার্গেট করে। অপরদিকে সৌদি জোট হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।
সূত্র: আলজাজিরা
এমটিআই
