সচিব ও সমমর্যাদার পদে একযোগে বড় ধরনের রদবদল এনেছে সরকার। দেশের আটটি মন্ত্রণালয়, বিভাগ, কমিশন ও একাডেমিতে নতুন সচিব ও ভারপ্রাপ্ত সচিব পদে এই নিয়োগ ও বদলি করা হয়েছে।
এই রদবদলের অংশ হিসেবে একজন কর্মকর্তা পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ সচিব হয়েছেন, দুজনকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব এবং ছয়জন সচিবকে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে এক সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
অন্যান্য আদেশে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আবুল হাসনাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে নিজ মন্ত্রণালয়েরই ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলিকৃত অন্য কর্মকর্তাদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব পদমর্যাদা) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
একই আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
