রিকশাচালক তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিনের পর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা।
বুধবার দুপুরে আদালত চত্বরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আদালত চত্বরে আইভীর স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাবেক মেয়রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ফ্যাসিস্টের রাজনীতি উজ্জীবিত করতে চাইলে আপনার ‘হোয়াইট হাউস’ খ্যাত বাড়ির একটি ইটও থাকবে না। আমরা আপনাকে শান্তিতে বাড়িতে থাকতে দিয়েছি। আপনি বাড়িতে শান্তিতে ঘুমান; কিন্তু ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কোনো ফ্যাসিস্টকে এই বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উদ্ধত আচরণ করে পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সাবেক মেয়র আইভী, আপনার সেই অভিলাষ কোনো দিন পূরণ হবে না।
এ সময় তিনি আদালত চত্বরে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তাদের ভিডিও ও ছবি দেখে চিহ্নিত করে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ অনেকে।
এর আগে একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বর প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র আইভী এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।